মুজিব শতবর্ষের শুভ সূচনায় বাংলা একাডেমি বঙ্গবন্ধুকে নিয়ে একশত গ্রন্থ রচনার যে মহাপরিকল্পনা গ্রহণ করে, সে পরিকল্পনার অংশ হিসেবে আমার উপর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ নিয়ে লেখার দায়িত্ব পড়ে। বৈশ্বিক মহামারির ফলে আমার পারিবারিক জীবনের বড় ধরনের বিপর্যয়ে এই মহতী কার্যে কিছুটা বিলম্ব হলেও অবশেষে বঙ্গবন্ধুর এই মহান ভাষণের উপর আমার গভীর অন্বেষণ ও অনুধ্যান '৭ই মার্চের ভাষণ: একটি জাতির কথামালা' শিরোনামে গ্রন্থবদ্ধরূপ দিতে পেরে আমি আনন্দিত। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালির হাজার বছরের লালিত ঐতিহ্যিক, রাজনৈতিক, আর্থিক ও সাংস্কৃতিক-সাহিত্যিক অঙ্গনকে নানান দিক দিয়ে উদ্ভাসিত করেছে।
বর্তমান গ্রন্থে বাঙালি জাতিসত্তার আত্মপরিচয় থেকে শুরু করে বাঙালি সংস্কৃতির সমন্বয়বাদী অসাম্প্রদায়িক চেতনায় জাতিসত্তার বিকাশ, ভাষার প্রশ্নে জাতীয়তাবাদী চেতনার গ্রন্থি উন্মোচন, আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম এবং বাঙালির স্বাধীন ভূখণ্ডের আকাঙ্ক্ষায় সংগ্রামের চূড়ান্ত পরিণতির ডাক কীভাবে ৭ই মার্চের ভাষণে উঠে এসেছে, তা পাঁচটি অধ্যায়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করি আমার এই পরিশ্রম পাঠকের মনে চিন্তার খোরাক যোগাবে এবং গবেষকদের বহুমাত্রিক গবেষণার দ্বার উন্মোচন করবে।