ইসলামের জন্য অপরিসীম ত্যাগের বিনিময়ে যাঁরা জান্নাতের সুসংবাদ লাভকরেছেন, তাঁদের মধ্যে আবদুর রহমান ইবনে আউফ (রা.) অন্যতম। যৌবনের শুরুতেই ইসলাম গ্রহণ করে তিনি ইসলাম প্রচারে সর্বাত্মকভাবে নিয়োজিত হয়েছিলেন। ইসলামের সূচনালগ্নে ইসলাম গ্রহণকারী প্রত্যেককেই অবিশ্বাসীদের চরম নির্যাতনের শিকার হতে হয়েছিল। নির্যাতনের মাত্রা বেড়ে গেলে আবদুর রহমান ইবনে আউফ (রা.) হাবশায় হিজরত করেন। হজরত আবদুর রহমান ইবনে আউফ (রা.) রাসূল (সা.)-এর সঙ্গে প্রায় সব যুদ্ধেই অংশ নিয়েছেন এবং সাহস ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন। আবদুর রহমান ইবনে আউফ (রা.) ছিলেন কোরআন ও হাদিসে পরিপূর্ণ জ্ঞানী, পরামর্শদানে বিজ্ঞ, বিচার ফয়সালার ক্ষেত্রে দূরদৃষ্টিসম্পন্ন এবং ফতোয়ায় অভিজ্ঞ। প্রথম তিন খলিফার খিলাফতকালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে খলিফাদের পরামর্শ দিয়ে মুসলিম উম্মাহর কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।