আবৃত্তিশিল্পের সঙ্গে বিশ বছরের অধিক সময় আষ্ট্রেপৃষ্ঠে জড়িয়ে আছি। এ শিল্প নিয়ে ব্যাপক আগ্রহ মানুষের মধ্যে থাকলেও একটা বিশেষ সিন্ডিকেট এ শিল্পকে নিয়ন্ত্রণ করছে যুগ যুগ ধরে। বাংলাদেশে আবৃত্তিশিল্পের বিকাশ ব্যক্তিগতভাবে না হয়ে হচ্ছে সংগঠনকে কেন্দ্র করে। সংগঠনগুলো আবার রাজনীতির ছত্রছায়ায় নানাভাবে সমন্বয় পরিষদ নাম নিয়ে একত্রিত হচ্ছে। এরা নিজেদের আবৃত্তির প্রবাদপুরুষ এবং একমাত্র নীতি নির্ধারকের পর্যায়ে নিয়ে গেছে। এদের চিন্তার বাইরে গেলে তাকে নানা অভিধায় অভিহিত করে এ জগতে স্বীকৃতি দিতে চায় না। বিশেষ বিশ্বাসে কবি ছাড়া অন্যকবিদের কবিতা এরা মঞ্চে পড়ে না। এমনকি কেউ পড়তে চাইলে কোনও না কোনোভাবে নিরুৎসাহিত করে। সংগঠনকেন্ত্রিক আবৃত্তি চর্চার এটা একটা নেতিবাচক দিক। বাংলাদেশে যতোগুলো আবৃত্তির কবিতা শীর্ষক সংকলন প্রকাশিত হয়েছে সবগুলো কোনো না কোনোভাবে এদেরই দলভুক্তদের সম্পাদিত। যার জন্য সবগুলো একমুখি কবিতার সংকলন হয়েছে। বহু বছর ধরে ভাবছিলাম এমন একটি আবৃত্তিযোগ্য কবিতার সংকলন করবো যে গ্রন্থটিতে সব মতবাদে বিশ্বাসি মানুষদের ভালোবাসার কবিতাগুলো থাকবে। পাঁচ বছর আগে সব মতের-পথের এবং শ্রেণি-পেশা ও বয়সের মানুষের স্বীকৃতি পেতে পারে এমন একটি আবৃত্তির কবিতার সংকলনের কাজ শুরু করি। নানাবিধ জটিলতা এবং ব্যস্ততার কারণে কাজটি শেষ করতে বহু সময় লেগে যায়। ২০২৫ সালে বইটির কাজ শেষ করতে পেরে পুলক অনুভব করছি। আশা করছি বিশুদ্ধ আবৃত্তিপ্রেমিদের কাছে এটি গ্রহণযোগ্য হয়ে উঠবে। বাংলা সাহিত্যের সূচনা থেকে বর্তমান অবধি কবিদের কবিতা এ গ্রন্থের শোভা বর্ধন করেছে। কোনো রাজনীতি বা বিশ্বাসকে প্রকটিত না করে আবৃত্তি উপযোগিতাকে কবিতা বাছাইয়ের একমাত্র মানদণ্ড হিসেবে ধরে এ সংকলনটি করেছি। বাংলা কবিতার ধারাকেও কিছুটা অনুভব করা যাবে এ গ্রন্থের মাধ্যমে।