কিছু বই পড়ে আমরা অনেক কিছু জানতে পারি। আবার কিছু বই পড়ে নিজের জীবনটাকেই নতুন করে দেখতে শুরু করি। ‘আবু ইয়াহইয়া’র এই সিরিজ তেমনই কিছু বইয়ের সমষ্টি। গল্প পড়তে পড়তে কখন যে নিজের জীবনের কথা ভাবতে শুরু করবেন, কখন যে নিজের ভুল, সময়, বিশ্বাস আর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন জাগবে, তা হয়তো টেরই পাবেন না।
আমরা সবাই জীবনের নানা ব্যস্ততায় ছুটে চলি। পড়াশোনা, কাজকর্ম, স্বপ্ন, সম্পর্ক, পাওয়া-না পাওয়ার হিসেব করতে করতে কখনো ভুলেই যাই, এই জীবনেরও একদিন শেষ আছে। অথচ সেই শেষের পরেই তো শুরু হবে এমন এক জীবন, যার কোনো শেষ নেই। এই সিরিজ আপনাকে কখনো মৃত্যুর কথা মনে করিয়ে দেবে, কখনো আখেরাতের বাস্তবতা চোখের সামনে এনে দাঁড় করাবে, আবার কখনো সময়ের মূল্য বুঝিয়ে দেবে। মনে হবে, ব্যস্ত জীবনের মাঝে কেউ এসে আপনার কাঁধে হাত রেখে বলছে, ‘এখন অন্তত থামো! একটু ভাবো তো, তুমি আসলে কোথায় যাচ্ছো?’ একটি সময় যখন নিজেকে নিয়ে ভাববেন, আশাহত হবেন বারবার, তখন এই সিরিজ আপনাকে নতুন করে ভাবতে শেখাবে, ‘মানুষ যখন মনে করে তার সামনের সব দরজা বন্ধ, তখন আল্লাহ এমন দরজা খুলে দিতে পারেন, যার কথা সে কখনো ভাবেইনি।’
এই কারণেই আমরা বিশ্বাস করি, আবু ইয়াহইয়ার এই সিরজিটি কেবলমাত্র গল্প বা উপন্যাসের স্বাদই দেবে না বরং ভাবনার দোরও খুলে দেবে। কোথাও নিজের ভুল চোখে পড়বে, কোথাও নিজের অজান্তে লুকিয়ে থাকা প্রশ্ন সামনে চলে আসবে, আবার কোথাও হয়তো নতুন করে আশা নিয়ে বাঁচতে শিখবেন।
আমরা আপনাকে এতটুকু আশ্বস্ত তো অবশ্যই করতে পারি, এই সিরিজের বইগুলো আপনার দুনিয়া থেকে আখেরাতের দিকে, সংশয় থেকে বিশ্বাসের দিকে, অহংকার থেকে বিনয়ের দিকে, ভাঙন থেকে আশার দিকে এগিয়ে যাওয়ার এক বিশ্বস্ত সঙ্গী হতে পারে, ইনশাআল্লাহ!
•
বইসমূহ
1. জব জিন্দেগি শুরু হোগি
2. কসম উস ওয়াক্ত কি
3. আখেরী জঙ্গ
4. খোদা বোল রাহা হ্যায়
5. আধুরি কাহানি