আধুনিক সৃষ্টিশীল গদ্য আধুনিক কবিতার নিকটতম আত্মীয়। কিংবা ঘনিষ্ঠ বন্ধু। যাকে বলে দহরম-মহরম সম্পর্ক। কেন? কারণ এ গদ্য পাঠ করলে ছত্রে ছত্রে কবিতার কথা মনে পড়ে। পড়বে। এর শরীরে জড়িয়ে থাকে কবিতার স্বাদ। থাকে কাব্যিক সৌন্দর্য। সৃষ্টিশীল গদ্যে শব্দের ঝংকার কবিতার মতোই চঞ্চল! বাক্যও কবিতার পোশাকের অনুরূপ। এ গদ্য অলংকারময় গদ্য। এ গদ্য নান্দনিক গদ্য। অন্যরকম পরিতৃপ্তির গদ্য। কিন্তু এ গদ্য কবিতা নয়। কিংবা কবিতা করে তোলার কোনো অঙ্গীকারও থাকে না এখানে। বরং কবিতার আনন্দময় সৌন্দর্যের সৌরভ মেখে পরিবেশিত হয় চমৎকার। আধুনিক জীবনের কত বাঁক। কত ঘাত প্রতিঘাত! কত ঠেকাঠেকির পর্ব। কিছু প্রকাশ্য করে মানুষ। কিছু লুকিয়ে ফেলে সহসা। হোক সে সাধারণ জীবন কিংবা অসাধারণ কারো। জীবন নিয়ে জীবনের গল্প সাজানো কঠিনই বটে। তবুও সাজাতে হয়। সাজাতে চায় সকলেই। এই যে সাজানো উদ্যোগ,এটিও জীবনকে দেয় নতুন মাত্রা। বইটির লেখাগুলো একটি বিষয়ে নয়। কিন্তু একটির সাথে আরেকটির অন্তর্গত সান্নিধ্য আছে। আছে সম্পর্কের দূরবর্তী সেতু,যা একটির সাথে জুড়ে দেবে আরেকটির সংযোগ। বইটি পড়তেপড়তে হয় তো পাঠকের কাছে এ কথাটিই সত্য হয়ে উঠবে।