আমরা এই চর্মচোখ দিয়ে চারপাশের বস্তুগত বাস্তবতাকে পর্যবেক্ষণ করি। কিন্তু আসলেই কি বাস্তবতাবতার চূড়ান্ত বলে কিছু আছে? এই দৃশ্যমান বাস্তবতার বাইরেও একটি অদৃশ্য জগত কারো কারো গভীর অবচেতনে মূর্ত হয়ে ওঠে। অর্থাৎ যা বাহ্যিক চোখে দেখা যায় না; তার অনেকটাই 'থার্ড আই' কিংবা তৃতীয় নয়ন দিয়ে দৃশ্যমান হয়।
কবি বাদল ঘোষের কাব্যগ্রন্থ 'অদৃশ্য দুরবিন'-এ সেই উপলব্ধিই গভীরভাবে মূর্ত হয়ে উঠেছে। আর অদৃশ্য দুরবিন বলতে তিনি সেই তৃতীয় নয়নকেই বোঝাতে চেয়েছেন- যা দ্বারা একজন কবি তো বটেই; আধ্যাত্মিকবোধে সমৃদ্ধ যে কোন ব্যক্তিই সাধারণ এই দৃষ্টির আড়ালে অদৃশ্যমান জগৎটাকে উপলব্ধি করতে পারেন। অদৃশ্য দুরবিন, ঈশ্বরের উপাখ্যান, স্বপ্ন দেখি খোলা চোখে, যখন আমার পুনর্জন্ম হলো'সহ বেশির ভাগ কবিতায় কবির এই বোধ পাঠককে নতুন করে ভাবিত করে তুলবে বলে আমাদের বিশ্বাস।