রাসূল সা.-এর ওফাত-পরবর্তী সময়ে উদ্ভূত নানা ঐতিহাসিক-রাজনৈতিক-মানসিক কার্যকারণে ইসলামের এই বিশ্বাসের মধ্যে নানাবিধ বিচ্যুতি,বিশৃঙ্খলা তৈরি হয়েছে,যার বৈরী প্রভাব পড়েছে মুসলিম উম্মাহের বৃহত্তর ব্যবহারিক জীবনে। কিন্তু তা সত্ত্বেও কুরআন ও হাদীসের খোদায়ি সুরক্ষার সুবাদে আজও যথাবৎ অক্ষুণ্ণন আছে ইসলামের নির্দেশিত শুদ্ধ-সরল বিশ্বাস এবং প্রকৃত কর্মপন্থা,যার হুবহু অবলম্বন ও অনুসরণই নিশ্চিত করতে পারে বর্তমান বহুধা-বিভক্ত,দিকভ্রান্ত মুসলিম জাতির ইহ-পারলৌকিক সাফল্য ও মুক্তির সম্ভাবনা। এই গ্রন্থে সাইয়েদ সুলাইমান নদভি ইসলামি আকীদা-বিশ্বাসের সেই শুদ্ধ-সরল মানচিত্রটি উপস্থাপনের এবং সেই প্রকৃত কর্মপন্থা প্রদর্শনের প্রয়াস পেয়েছেন। অত্যন্ত সংক্ষিপ্ত ও সারগর্ভ বয়ানে তিনি এতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ’র স্বরূপ বিশ্লেষণ,এর ঐতিহাসিক নিরূপণ,প্রচলিত কালামি মাসলাক-মতবাদ ও দ্বীনি আকীদার আদি মূলনীতির তুলনামূলক অধ্যয়ন এবং আকল ও নকলের প্রয়োগ-নীতির ব্যাখ্যা হাজির করেছেন,যা হৃদয়াঙ্গম করা বহু ধর্ম-বিশ্বাস ও বিচিত্র ভাবধারার মধ্যে বসবাসকারী বাংলাভাষী মুসলমানদের জন্য অপরিহার্য কর্তব্য বলে আমরা মনে করি।