সূর্য তুমি সাথী
এতো অল্প বয়সে এতোটা শৈল্পিক পরিপক্কতা আমার কল্পনারও অতীত।
অধ্যাপক আবুল ফজল
‘সূর্য তুমি সাথী’ এই উপন্যাসটিতে সমাজের বাস্তব ছবি আশ্চর্য গতিশীলতায় বাঁধা পড়েছে।
নারায়ণ গঙ্গোপাধ্যায় (আকাশবাণী) শিল্প-সাহিত্য শুধু যদি আনন্দ প্রকাশের বাহন না হয়ে থাকে এবং শিল্পীর সামাজিক দায়িত্ব বলে কিছু থাকে। তাহলে আহমদ ছফা একজন যথার্থ শিল্পীর কাজ করেছেন।
মাসিক সমকাল
সূর্য তুমি সাথী সাম্প্রদায়িকতার গোবর গাদা থেকে চেতনার মুক্তি সাধনে এ উপন্যাস একটা বড়ো ভূমিকা পালন করবে। ছফা একটা দুঃসাহসী কাজ করেছেন, এ কথা মানতেই হবে।
রণেশ দাশগুপ্ত
এই উপন্যাসের ঠাকুরমা চরিত্রটির মতো আদর্শ নারী চরিত্র গোটা বাংলা সাহিত্যে অধিক নেই।
সাপ্তাহিক দেশ
কী বলিষ্ঠ তোমার লেখনী। তোমার বক্তব্য গতানুগতিক নয় একেবারে নিজস্ব। বইয়ের পাতায় পাতায় বিস্ময়।
মনোজ বসু
‘সূর্য তুমি সাথী’ বইটির লেখকের নাম না জেনে যদি পড়তাম, তাহলে আমি বলতাম তারাশঙ্কর বাবুর লেখা।
একজন পাঠকের পত্র
কোন কোন বইপত্র লেখা হয়, প্রকাশকালে তাদের যথার্থ মূল্যায়ন হয় না। ‘সূর্য তুমি সাথী’ও এমন একটি। আশার কথা উপন্যাসটির প্রতি সকলের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
দৈনিক
চতুর্থ সংস্করণের ভূমিকা:
মা বাবার প্রথম সন্তানের মতো ‘সূর্য তুমি সাথী’র উপর আমার একটি পক্ষপাত বরাবর থেকেই যাবে। বইটি প্রথম স্টুডেন্ট ওয়েজ থেকে ১৯৬৭ সালের দিকে ছাপা হয়েছিল। লিখেছিলাম তারও প্রায় দু বছর আগে। তখন আমার বয়স বড়ো জোর একুশ। এই লেখাটির ভেতর তরুণ বয়সের আবেগ উত্তাপ সবটাই চারিয়ে দিয়েছিলাম। যে গভীর বেদনা এবং অসহ্য আনন্দ আমি এই বইটি লেখার সময়ে অনুভব করেছিলাম, সেই বেদনা, সেই আনন্দের রেশ আমার মর্মকোষে অক্ষয় হয়ে রয়েছে।
‘সূর্য তুমি সাথী’র প্রথম সংস্করণের পরে আরও দুটো সংস্করণ বেরিয়েছে দুটো আলাদা প্রকাশনা প্রতিষ্ঠান থেকে। তার মধ্যে একটি কলকাতা থেকে। অনেকদিন পর চতুর্থ সংস্করণটি আবার স্টুডেন্ট ওয়েজ থেকে প্রকাশিত হতে যাচ্ছে। স্টুডেন্ট ওয়েজের স্বত্বাধিকারী মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব আর বেঁচে নেই। তার বড়ো ছেলে মোহাম্মদ ওহিদুল্লাহ যিনি হাত ধরে আমাকে গ্রন্থ জগতে নিয়ে এসেছিলেন, তিনিও আজকাল প্রকাশনার সঙ্গে সম্পর্কিত নন। ওই পরিবারের কনিষ্ঠ সন্তান শ্রীমান মোহাম্মদ লিয়াকতউল্লাহ এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছে। লিয়াকত শুধু আমার একাধিক বই ছাপছে না- আমার ভ্রাতুষ্পুত্র নূরুল আনোয়ারের প্রথম বইটিও প্রকাশের দায়িত্ব নিয়েছে। আমরা যেমন হুপুত্রুষ লেখক স্টুডেন্ট ওয়েজও হুপুত্রুষ ধরে প্রকাশক। এটা আমার কাছে খুবই আনন্দের। এ ধরনের ঘটনা তো সচরাচর ঘটেনা।
১৬৬ ময়মনসিংহ রোড
ঢাকা ১১০০
আহমদ ছফা
২১ শে ফেব্রুয়ারি, ১৯৯৩
গাভী বিত্তান্ত
গাভী বৃত্তান্ত বাংলাদেশের প্রখ্যাত চিন্তাবিদ ও লেখক আহমদ ছফা রচিত একটি বাস্তবিত গভীর পর্যবেক্ষণে রচিত উপন্যাস। উপন্যাসটি ১৯৯৫ খ্রিস্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত হয়। গাভী বৃত্তান্ত উপন্যাসে চিত্রায়িত হয়েছে একজন উপাচার্যের গোলামি আর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের লেজুড়বৃত্তিক রাজনীতির নোংরা কদর্য রূপ।
রসায়নের অধ্যাপক মিয়া মোহাম্মদ আবু জুনায়েদ দেশের সেরা ও প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচিত হয়েছেন। রসায়ন বিভাগের সুন্দরী শিক্ষিকা দিলরুবা খানমের আকর্ষণে জুনায়েদ ডোরাকাটা দলের শিক্ষক রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন। পূর্ববর্তী উপাচার্যের উপর ক্ষোভবশত দিলরুবা খানম তাঁর নারীপ্রভাবকে কাজে লাগিয়ে জুনায়েদকে উপাচার্য প্যানেলে ঢুকিয়ে দেন। স্বৈরাচারী সরকারের অবাধ্য হবে না বলে রাষ্ট্রপতি (যিনি পদাধিকারবলে সকল বিশ্ববিদ্যালয়ের আচার্যও) জুনায়েদকেই উপাচার্য নিয়োগ দেন। এই উপাচার্যের পদে আসীন হওয়ার পর জুনায়েদের চরিত্রের বিবর্তনকে ঘিরে আবর্তিত হয় উপন্যাসের কাহিনী।
ঠিকাদার শেখ তবারক আলী উপাচার্যকে হাতে রাখতে জুনায়েদের মনোবাসনা পূর্ণ করতে একটি দুর্লভজাতের গাভী কিনে দেন এবং ভিসির বাংলোতে শেখ তবারক আলী নিজ জামাতা বুয়েটপাস সিভিল ইঞ্জিনিয়ার আবেদ হোসেনকে দিয়ে গোয়ালঘর বানিয়ে দেন। পরবর্তীতে উপাচার্য আবু জুনায়েদের জীবন এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সবটাই হয়ে পড়ে গোয়ালঘরকেন্দ্রিক। এই গোয়ালঘরকে রঙ্গমঞ্চ বানিয়ে আহমদ ছফা বিশ্ববিদ্যালয়গুলোর দৈন্যদশা এবং শিক্ষকরাজনীতির নোংরা বিভিন্ন দিক তুলে ধরেছেন।
মরণবিলাস
মন্ত্রী হাসপাতালে ভর্তি হওয়ার পরের দিন প্রেসিডেন্ট সাহেব আধ ঘণ্টার মত সময় রোগীর শয্যা পাশে ছিলেন। যেহেতু মন্ত্রী ফজলে ইলাহি সর্বক্ষণ সংজ্ঞাহীন ছিলেন, তাই উভয়ের মধ্যে কোন কথাবার্তা হতে পারেনি। আর অধিক সময় ব্যয় করা প্রেসিডেন্টের পক্ষে সম্ভব হয়নি। তাঁকে তো এক হাতেই জটিল রাষ্ট্রযন্ত্রটি চালাতে হয়। ফজলে ইলাহিকে প্রেসিডেন্টের আগমন সংবাদ জানান হয়েছিল। তখনো তিনি আজকের মত একই রকম বিষণ্ণ হয়ে পড়েছিলেন। সবদিক বিবেচনা করে মাওলা বক্স অসুস্থ মন্ত্রীকে দু'চারটা আশার বাক্য শুনিয়ে একটু চাঙ্গা করা যায় কিনা চেষ্টা করল।
—স্যার প্রেসিডেন্ট সাহেব আজ আসতে পারেননি। কাল নিশ্চয়ই তিনি আসবেন। কাল যদি তিনি কাজ—কর্মে ব্যস্ত থাকেন, পরশু দিন তো আর মিস করতে পারবেন না। আমাদের প্রেসিডেন্ট সাহেব মন্ত্রীদের মধ্যে আপনাকেই সবচাইতে ভালবাসেন। দেখবেন স্যার, এবার তিনি আপনার সংজ্ঞান অবস্থায় খবর নিয়ে সাক্ষাৎ করতে আসবেন। তখন তাঁর সঙ্গে আপনার কথাবার্তা হবে।
পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ
পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ গ্রন্থটিকে উপন্যাস হিসেবেই গ্রহণ করা হয়েছে। এখানে উপন্যাসের মতো একটি কাহিনি রয়েছে, যার কেন্দ্রে রয়েছেন স্বয়ং ঔপন্যাসিক আহমদ ছফা। রাজনৈতিক জীবন বা ব্যক্তি জীবনে আহমদ ছফা সমাজ প্রচলিত সফলতার মুখ কখনো দেখেছেন তেমনটি আমাদের মনে হয়নি। কিন্তু এই উপন্যাসেই আমরা দেখি, সফলতা ও ব্যর্থতার যে দার্শনিক দিক আহমদ ছফা
একান্ত ব্যক্তিগতভাবে বিশ্বাস করতেন এবং লালনপালনও করতেন- তাকেই যেন প্রতীকী উপস্থাপনে তুলে ধরতে চেয়েছেন। তিনি নিজের উপন্যাসগুলোর ভিতর দিয়ে যে অখণ্ড দার্শনিক তত্ত্বকে আনতে চেয়েছেন সেই দর্শনের চূড়ান্ত প্রকাশ যেন পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ উপন্যাসে দেখিয়েছেন তাতে তিনি স্পষ্ট করেছেন যে, মানব সমাজের প্রতিনিধি হয়ে, বাংলাদেশের একজন সদস্য হিসেবে বাংলাদেশকেই তাঁর চিন্তা করতে হবে, মানুষ হিসেবেই তাকে নিজের কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে হবে এবং সতত মাথায় রাখতে হবে বাংলাদেশকে।
অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী
র্ধেক নারী অর্ধেক ঈশ্বরী’ বইয়ের ফ্ল্যাপের কথা:
সত্য কল্পকাহিনীর চাইতে আশ্চর্যজনক। এটা আপ্তবাক্য। যে কাহিনীর মূলে সত্যের স্পর্শ নেই, সে কাহিনী মূল্যহীন। আহমদ ছফার দুই খণ্ডে সমাপ্ত আত্মজৈবনিক উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী একটি অসাধারণ প্রেমের উপন্যাস। নর-নারীর প্রেম হলো সবচাইতে জটিলতম শিল্পকর্ম। প্রেমজ একটি অঙ্গীকার না থাকলে প্রেমের কাহিনী বয়ান করা যায় না। আহমদ ছফা অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী উপন্যাসের প্রথম খণ্ডটিতে প্রেমজ অঙ্গীকার নিয়েই প্রেমের কথা বলেছেন। লেখক একেকটি নারী চরিত্রকে এমন জীবন্তভাবে উপস্থাপন করেছেন, নারীদের মনোজগতের এমন উন্মোচন ঘটিয়েছেন; গ্রন্থটি পাঠ করলে মনে হবে জীবনের করুণতম অভিজ্ঞতার উৎস থেকেই জন্ম লাভ করেছে এই সমস্ত চরিত্র।
প্রেমে পড়ার জন্য যেমন সৎ, একনিষ্ঠ হৃদয়বৃত্তির প্রয়োজন, তেমনি প্রয়োজন প্রেম কথা বয়ান করার জন্য আরেক ধরনের নিষ্ঠা এবং সততার। শক্তির সঙ্গে সততার সম্মিলন সচরাচর ঘটে না। আহমদ ছফা এই অনুপম রচনাটিতে সেই আপাত অসম্ভবকে সম্ভব করে তুলেছেন। মনস্বীতাসম্পন্ন অনেকগুলো উপন্যাস আহমদ ছফার কলম থেকে বেরিয়েছে। নর-নারীর প্রেমকে উপজীব্য করে তাঁর উপন্যাস লেখার এটিই প্রথম প্রয়াস। অসাধারণ লিপি-কুশল লেখকের এই ধ্রুপদধর্মী উপন্যাসটিতে মানব-মানববীর প্রেম যে, এক নূতনতরো ব্যঞ্জনায় দেদীপ্যমান হয়ে উঠেছে, সে কথা বলার অপেক্ষা রাখে না।
ওঙ্কার
আহমদ ছফা সাহিত্যচর্চা শুরু করেন উপন্যাস দিয়ে। বেশ কয়েকটা ছােটো গল্প লিখে হাত মসকো করার প্রচলিত নিয়মটি তিনি মানেননি; তাঁর প্রকাশিত প্রথম বইটিও একটি উপন্যাস। ছফার উপন্যাস আকারে ছোট হলেও কোনােটাই কিন্তু ছােটো গল্পের সম্প্রসারণ নয়,এগুলাে একেবারেই উপন্যাস। চেনাজানা জীবনের ভেতরের ব্যাপারটা নানা দিক থেকে দেখার দায়িত্ব নিয়ে সমাজ ও রাজনীতির ভাঙাচোরায় কাজ করছে কোন রহস্য,তারই অনুসন্ধানে ছফা নিয়ােজিত। সুখ ও স্বস্তি ঞ্জলি দিয়ে তিনি কাজ করেন এমন সব পরিবেশ নিয়ে যা বেশির ভাগ সময়ে তার স্বভাবের অনুকূল নয়। পাঠককে তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন যাদের সঙ্গে। বেশির ভাগ সময়েই তিনি নিজে বা তার পাঠকরা। তাদের পছন্দ করেন না; অন্তত তাদের অনেক কাণ্ডকীর্তিতে সায় দেওয়া মুশকিল। সেই খুচরােখাচরা ও টুটাফাটা মানুষের একেকটা আস্ত চেহারা তৈরি। করতে ছফাকে রীতিমতাে যুদ্ধ করতে হয় এবং পাঠককে তিনি উস্কে দেন এ যুদ্ধে নেমে পড়তে । “ওঙ্কার’-এ আহমদ ছফা গপ্পো ফাঁদতে বসেননি,কাহিনীর সূত্র ধরে পাঠককে তিনি টেনে নেন এমন একটি জায়গায় যেখানে পৌছে গল্পটা ভুলে গেলেও কিছু এসে যায় না,কাহিনী গৌণ হয়ে সেখানে প্রবল। হয়ে ওঠে অনেক দিনের অনেক মানুষের গ্লানি,জড়তা ও শােষণ এবং গ্লানি থেকে মুক্তির রক্তাক্ত সংকল্প।
একজন আলি কেনানের উত্থান পতন
দে তর বাপেরে একটা ট্যাহা।
ভিখিরিরা সাধারণত ভিক্ষাদাতাকেই বাবা বলে ডাকে। আলি কেনান দাবি ছেড়ে বসল সম্পূর্ণ উল্টো। অর্থাৎ সে ভিক্ষাদাতার বাবা এবং একটা টাকা তাকে এখুনি দিয়ে দিতে হবে। একেবারে যাকে বলে কড়া নির্দেশ। এই চাওয়ার মধ্যে রীতিমত একটা চমক আছে। লোকটা সদরঘাটের লঞ্চ থেকে এই বুঝি নেমেছে। পরনে ময়লা পাজামা-পাঞ্জাবি। দোহারা চেহারার ফুলো ফুলো মুখের মানুষটি। আলি কেনানের মুখ থেকে সদ্য নির্গত বন্দুকের গুলির মত শব্দ ক'টি শুনে কেমন জানি ভ্যাবাচাকা খেয়ে যায়। গোল গোল সরল চোখ দুটি পাকিয়ে তাকায়। আলি কেনান ইত্যবসরে ভাঁটার মত জ্বলজ্বলে চোখ দুটো লোকটার চোখের ওপর স্থাপন করে আরো জোরের সাথে উচ্চারণ করে, কইলাম না তর বাপেরে একটা ট্যাহা দিয়া দে। উঁ লোকটা বোধহয় সারারাত লঞ্চে ঘুমোতে পারেনি।
চোখে-মুখে একটা অসহায় অসহায় ভাব। অথবা এমনও হতে পারে কোর্টে তার মামলা আছে। যা-হোক লোকটি দ্বিরুক্তি না করে ডান হাতের প্রায় ছিঁড়ে যাওয়া ব্যাগটা বাঁহাতে চালান করে পকেট থেকে একখানা এক টাকার মলিন বিবর্ণ নোট বের করে আলি কেনানের হাতে দিয়ে ফুটপাথ ধরে হেঁটে চলে যায়। আলি কেনানের জীবনের এই প্রথম ভিক্ষাবৃত্তি। তাতে আশানুরূপ সফল হওয়ায় শরীরে মনে একটা তড়িৎ-প্রবাহ খেলে গেল। শুধুমাত্র একটা ধমকের জোরে পরের পকেট থেকে টাকা বের করে আনা যায়, আলি কেনানের জীবনে এটা একটা অভিনব ঘটনা। সেদিন থেকেই তার জীবনে নতুন একটা অধ্যায়ের সূত্রপাত হল। আলি কেনান গত দুদিন ধরে কিছু খায়নি। শহরের কলের পানি ছাড়া ভাগ্যে তার অন্যকোন বস্তু জোটেনি। গত তিন মাস থেকে চম্পানগর লেনের একটি হোটেলে সে সকালের নাস্তা এবং দুবেলার খাবার খেয়ে আসছিল। প্রথম দু মাস সে নগদ পয়সা দিয়ে খেয়েছে। সেই সুবাদে হোটেল