মানুষের অন্তরজগতের অনুভূতি, বেদনা, প্রেম, প্রতিবাদ কিংবা নিঃসঙ্গতা—সবকিছুরই একটি ভাষা আছে। সেই ভাষা হলো কবিতা। আর কবিতা তখনই জীবন্ত হয়ে ওঠে, যখন তা হৃদয় ছুঁয়ে যায়, যখন তা পাঠকের ভেতর কোনো না কোনোভাবে কথা বলে।
“আহত গোলাপ” তেমনই একটি যৌথ কাব্যগ্রন্থ যেখানে একাধিক নবীন প্রবীণ কবি তাঁদের স্বতন্ত্র কণ্ঠে উচ্চারণ করেছেন জীবনের গল্প, স্বপ্ন ও বাস্তবতার চিত্র। এ কাব্যগ্রন্থে স্থান পাওয়া প্রতিটি কবিতা যেন একটি করে গোলাপ—যা হয়তো রক্তিম ভালোবাসার প্রতীক, আবার কখনো বেদনায় নুয়ে পড়া এক নিষ্প্রভ পাপড়ি। গোলাপ যেমন সৌন্দর্যের প্রতীক, তেমনই তার কাটাগুলো বয়ে আনে ব্যথার অনুভূতি।
এই গ্রন্থের কবিতাগুলো নানা স্বাদের, নানা রঙের। কারও কবিতায় রয়েছে প্রণয়ের কোমল সুর, কারও কবিতায় প্রতিবাদের দীপ্ত উচ্চারণ। কেউ তুলে ধরেছেন সমাজের অসঙ্গতি, আবার কেউ ডুব দিয়েছেন আত্মানুসন্ধানের গভীরতায়। কিন্তু সকল কবিতাই একত্রে ফুটিয়ে তুলেছে আমাদের সময়ের একটি সংবেদনশীল প্রতিচ্ছবি।
এই কাব্যগ্রন্থে স্থান পাওয়া প্রতিটি কবিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আমরা বিশ্বাস করি “আহত গোলাপ” কেবল একটি বই নয়—এটি এক নিঃশব্দ আলোড়ন, যা পাঠকের মনোজগতে রেখে যাবে গভীর ছাপ।