বহুকাল আগে ইতালী দেশে সমুদ্রের তীরে ছিল সুন্দর এক রাজ্য। প্রকৃতির অকৃপণ দানে গড়ে উঠেছিল সে দেশ। একদিকে সমুদ্রের নীল আরেক দিকে সবুজ পাহাড়। এর মাঝে ছোট রাজ্য ট্রিয়েন্ট। রাজ্যের এক প্রান্তে ছিল রাজার অপূর্ব রাজপ্রাসাদ। রাজপ্রাসাদটি ছিল সমুদ্রের সাথে যুক্ত একটি শাখা নদীর তীরে। তীরে বললে ভুল হবে কারণ প্রাসাদটির পিছনের অংশ ছিল নদীর পানির উপরে। অনেকটা ইংরেজি U শেপের মত। প্রাসাদটিকে ঘিরে রেখেছিল নদীর স্বচ্ছ পানি। শ্বেত পাথরের অপূর্ব প্রাসাদটি জোৎস্নার আলোতে নদীর পানিতে ঝিকমিক করত। রাজপ্রাসাদের প্রধান ফটকের দুই ধারে ছিল মনোরম উদ্যান। উদ্যানে থরে থরে সাজানো গাছ, গাছ ভরা ফুল। ফুল বাগানে গান গাইত রং-বেরং-এর পাখি। সুথে আর ট্রিয়েন্ট রাজ্যে প্রজারা বসবাস করত সুখে আর শান্তিতে। রাজা ছিলেন অত্যন্ত দয়ালু। তিনি ছিলেন একজন কবি। নদীর উপরে রাজপ্রাসাদের ঝুলানো বারান্দায় বসে কবিতা লিখতেন। নদীর ঢেউ এসে আছড়ে পড়ত প্রাসাদের দেয়ালে। ঝিরি ঝিরি দখিনা হাওয়া এসে প্রাণ জুড়িয়ে দিত। রাতের মিটি মিটি তারা, আকাশের চাঁদ শুভেচ্ছা জানাত রাজাকে।