সেকালে কিশতি চড়ে সমুদ্র ভ্রমণ সহজ কথা ছিল না। তখনও যন্ত্রচালিত জাহাজ তৈরী হয়নি। পালচালিত কিশতিগুলো ছিল সহজ সরলভাবে তৈরী। বায়ুর মতিগতির উপর নির্ভর করতো কিশতির চলাচল। যখন সমুদ্রে বায়ুর জোর থাকতো না কিংবা উল্টো বায়ু প্রবাহ থাকতো তখন ওসব পালের জাহাজ চালানো দুরূহ হয়ে পড়তো।
এ ধরনের পালের কিশতি চড়ে দূর-দুরান্তে পৌঁছতে অনেক অনেক সময় লাগতো। সমুদ্রে ঝড়-তুফান হলে তো কিশতি ডুবে যাওয়ারও আশঙ্কা বেশী দেখা দিতো। তাই সমুদ্র উপকূল থেকে দূরে বসবাসকারী লোকেরা যারা সমুদ্র দেখেনি তারা সমুদ্র ভ্রমণে খুব ভয় পেতো। বাধ্য না হলে কিশতিতে সওয়ার হতো না। তবে যারা সমুদ্রের কূলে বসবাস করতো তারা রীতিমতো কিশতি চড়া ও সমুদ্র ভ্রমণ করতো এবং সমুদ্র ভ্রমণের মাধ্যমে বহু ফায়দা লাভ করতো।