আমাদের কৃষক ও কৃষিকে অস্বীকার করে বাংলাদেশের অস্তিত্বকে চিন্তা করা অকল্পনীয় একটি ব্যাপার। অথচ স্বাধীনতা লাভের পর তেত্রিশ বছর যাবৎ আমাদের জাতীয় জীবনে এই অকল্পনীয় ব্যাপারটাই ঘটে চলছে প্রতিনিয়ত। আমাদের জাতীয় অর্থনীতির সিংহভাগ কৃষি নির্ভর, সিংহভাগ কৃষি নির্ভর শ্রমিক, সিংহভাগ শিল্প কৃষি নির্ভর, সর্বোপরি আমাদের সিংহভাগ জনগোষ্ঠী কৃষি নির্ভর। অথচ আমাদের কৃষি খাতটাই সব চাইতে বেশি অবহেলিত। এর চাইতে অবাক ঘটনা আর কি হতে পারে। আমাদের মহান সংসদের ৩০০ সাংসদের ২৭০ জন সাংসদ নির্বাচিত হন সরাসরি কৃষকের ভোটে। বাকি ৩০ জন সাংসদ নির্বাচিত হন শহরবাসীর ভোটে। এই সাংসদরা সংসদে গিয়ে কৃষকের কথা কতটা ভাবেন বা বলেন তা ভাববার বিষয়। রাজনীতির ময়দানে আমরা সবাই কৃষকের কথাই বলি। কিন্তু তাদের কল্যাণে বলার আর কিছু করার অনুপাত প্রায় ১০০:০২। এ অবস্থায় দিন দিন আমাদের কৃষক এবং কৃষি অপুষ্টির শিকার হয়ে রুগ্ন শীর্ণ হয়ে পড়ছে। এই রুগ্ন, শীর্ণ কৃষক এবং কৃষি আমাদের রাজনীতির হাতিয়ার হয়েছে বার বার। তাতে কৃষক বা কৃষির কোন উপকার হয় নি।