একটা জাতির জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে সেটাই তাদের মাতৃভাষা। যেমন বাঙালির মাতৃভাষা বাংলা। ইংরেজদের ইংরেজি। একজন ইংরেজ তো আর হিন্দিতে কথা বলতে পারে না। ঠিক একইভাবে একজন অ্যারাবিয়ান আরবিতেই কথা বলবে- এটাই স্বাভাবিক। বাঙালির ভাষা তাই বাংলাই হবে। আমরা বাঙালি হিসেবে বাংলাই হবে আমাদের মাতৃভাষা। মানে মায়ের ভাষা। কথা বলার ও লেখার এই যে ভাষা, এটা শৈশব থেকে আমরা মায়ের মুখে শুনে শুনে বলতে শিখি। তাই একে বলা হয় মাতৃভাষা। যেমন যে দেশে আমরা বাস করি, তাকে বলা হয় মাতৃভূমি। মাতৃভাষা ও মাতৃভূমির সঙ্গে তাই মানুষের সম্পর্ক খুবই নিবিড়। এ দুটোর মধ্যে এই সম্পর্ক ভাষার সঙ্গে সবচেয়ে বেশি। কারণ, অনেক সময় বসবাসের জায়গা বদলে যায়, প্রয়োজনে নামও পাল্টে যায় কিন্তু ঠিক থাকে মানুষের একমাত্র ভাষাটাই।