একটু বড় হয়ে, তাঁর বয়স যখন নয়, চিকো পিতৃপুরুষের এই রবার ট্যাপিংয়ের জীবিকাই গ্রহণ করেন। তবে সেই সঙ্গে তিনি কিছু অক্ষরজ্ঞান লাভ করেছিলেন, অল্পস্বল্প পড়তে-লিখতে ও সহজ অঙ্ক কষতে শিখেছিলেন। আর এ কাজে একজন আশ্চর্য ধরনের লোককে তিনি তাঁর গুরু বা শিক্ষক হিসেবে পেয়েছিলেন। চিকো মেন্দেসের সংগ্রামী ব্যক্তিত্ব গড়ে তোলার পেছনে সাও পাওলোর এই বামপন্থী রাজনৈতিক কর্মীটির একটা বড় ভূমিকা ছিল।
ইউক্লিডস ফার্নান্ডেজ ট্যাভোরা নামের এই মানুষটি সে-সময় সামরিক জান্তার হাত থেকে বাঁচতে আমাজনের অরণ্যে পলাতক জীবন যাপন করছিলেন। আকরের বনাঞ্চলে ঘুরে ঘুরে তিনি রবার ট্যাপিং সম্পর্কে জ্ঞান লাভের চেষ্টা করতেন।