প্রতিটি মানুষের জীবনই এক একটি গল্প গ্রন্থ। কেউ সময়ের, কেউ অসময়ের। কারও গল্প হয়তো অনুল্লেখ্য, ধুলো-বালির মতো উড়ে যায়, কারও গল্প ইতিহাসের পাতায়, অন্য মানুষের মনিকোঠায়, বইয়ের পাতায় ঠাঁই করে নেয়। আমি অসময়ের মানুষ, তিরাশি বছরের অনুল্লেখ্য মানুষ।
কখনও কখনও মনে হয় যদি আমার গল্প লেখার ক্ষমতা থাকত, হয়তো আমি তিরাশি হাজার গল্প লিখে ফেলতে পারতাম। কিন্তু ইচ্ছে করলেই কি আর সব কথা, সব ইচ্ছে, সব পাপ অথবা পূণ্যের কথা লেখা যায়? বলা যায়? তবুও আমি সময় নামক নদীর বহমান স্রোতে কচুরিপানার মতো কয়েকটি আত্মকথা, আর্তকথা, ভ্রমণকথা, গল্পের নামে কিছু আনন্দ-বেদনার কথা তুলে ধরলাম।