আমি তিন তিনটি বিশ্ব দেখেছি। প্রথম জীবনের সতের বছর, শৈশব ও কৈশোরের কাল কাটলো বৃটিশ আমলে। সে এক জগৎ অতিক্রম করলাম আমি। বহু বৈচিত্র্যের দোলায় অনেকটা অবুঝ ও কিছুটা বোঝাবুঝির মধ্যে এ জীবনটায় আমি সাঁতার কেটেছি। তখন বহু ভুল- ভ্রান্তির মধ্যে আমি নিজেকে কোথায় নিয়ে যেতে চেয়েছিলাম জানি না।
তবে সম্ভবত, আকাশ ছিল আমার সীমা।
যৌবন আমার ছিল স্বর্ণ যুগ। এ যুগটা সম্পূর্ণই কেটেছে পাকিস্তান • আমলে। প্রৌঢ়ত্বে পা' দেয়ার সময় আমি গিয়েছিলাম মুক্তিযুদ্ধে। আর কাটিয়েছি প্রৌঢ়জীবন মুক্ত বাংলাদেশে এবং বর্তমান বাংলাদেশে আমার বার্ধ্যকের জীবনযাপন। বহু কোলাহলে কর্মমুখরতায় আমার জীবন সজীব হয়ে ওঠে। সকল কিছুর মাঝে কেবল মানুষকেই সত্য মনে হয়। বাংলাদেশ চরম উত্তেজনা, মৃত্যু, হাহাকার, দুর্যোগের মধ্যে রয়েছে। তবুও সেই মানুষের উপর আমার বিশ্বাস।