পূর্বাকাশ বেশ ফর্সা হয়েছে। সূর্য উঠতে বেশ দেরি। তখনও আমাদের ঘুম ভাঙেনি। ছোটরা বেলাবেলি উঠবে সেটাই কথা। কিন্তু এ বাড়িতে সে নিয়ম নেই। শাওন মাস চলছে। এখন কাজের ভরামরশুম। সবেমাত্র আউশ ধান কাটা হয়েছে। কাটার সঙ্গে সঙ্গে জমি চাষ দিয়ে জাবার দেয়া হয়েছে।
ঠিক তিনদিনের মাথায় জমিতে সাজ দেয়া হবে। ব্যস জমি তৈরি। রোপা লাগানো হবে। অর্থাৎ যাবতীয় খেতে ১০/১৫ দিনের মধ্যে রোপা লাগাতে হবে। তারপরই ঋতু পরিবর্তন হয়ে যাবে। বৃষ্টি কমে যাবে। আকাশ উঠে যাবে অনেক ওপরে। আর সে আকাশ হবে গহীন, ঘননীল। সাদা পেজা পেজা অলকা মেঘেরা শুধুই আনমনা ভেসে বেড়াবে। পুজোর ছুটি চলবে সে সময়টায়।