যে মুহূর্তে আপনি জানতে পারেন যে, আপনার কেমোথেরাপি চিকিৎসা লাগবে, তখনই আপনার মনে দেখা দেয় নানা প্রশ্ন। আমরাও অনুভব করি, এ সময়টুকু আপনার এবং আপনার পরিবারের জন্য সংকটময়; অথচ বিভিন্ন সূত্র থেকে নানা তথ্য আপনাকে দেওয়া হয় যা আপনার জন্য সহজবোধ্য নয়। আপনার জিজ্ঞাস্য প্রশ্নগুলোর সহজ ও সঠিক উত্তর দেওয়ার জন্য আমাদের এ প্রয়াস, যা আপনার কেমোথেরাপি চিকিৎসাকে সহজ করবে।
আপনি যদি এমন কেউ একজন হন, যিনি ক্যান্সারের জন্য কেমোথেরাপি চিকিৎসা গ্রহণ করতে চলেছেন বা এখন পাচ্ছেন অথবা পরিবারের কেউ পাচ্ছেন অথবা শুশ্রূষাকারী, বইটি আপনার জন্যই লেখা হয়েছে।
কেমোথেরাপির সময়ে নিজের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বইটি এমন একটি নির্দেশিকা, যা আপনাকে সম্পূর্ণ কেমোথেরাপি চিকিৎসাকালীন দিকনির্দেশনা দেবে। এতে কেমোথেরাপি এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে তথ্য রয়েছে এবং আপনি কীভাবে চিকিৎসার আগে, চলাকালীন এবং পরে নিজের যত্ন নেবেন, এ ব্যাপারে বিস্তারিত রয়েছে। বইটিতে আরও রয়েছে কেমোথেরাপি সম্পর্কে প্রশ্ন এবং উত্তর— যেমন কেমোথেরাপি কী, এটি কীভাবে ক্যান্সার কোষের উপর কাজ করে, শরীরে এদের পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাব ও ব্যাখ্যা, সর্বোপরি এর প্রতিকার ও দিকনির্দেশনা। আপনার ডাক্তার, নার্স ও অন্যদের সাথে আলোচনা করার জন্য বা আপনার চিন্তা, অনুভূতি জানানোর জন্য এখানে কিছু প্রশ্ন ও তার উত্তর খুব সহজভাবে দেওয়া হয়েছে।
বইটি নিজে পড়ুন এবং বইটি সম্পর্কে জানান এমন জনকে যিনি বা তার প্রিয়জন এ থেকে উপকৃত হবেন। সহজ হয়ে উঠুক আপনার চিকিৎসাকালীন দিনগুলো। উপভোগ করুন এ সময়ে খাবারের আনন্দ, স্বস্তি এবং নিরাময়শক্তি।