ঘর-ফিরতি পথে বনমালীর ডিসপেনসারি থেকে দুটো ট্যাবলেট কিনেছিল ইনাই শিকদার। সাধারণত বিছানায় উঠে ছোটবউয়ের গায়ে মাখানো মিঠে গন্ধই শুঁকে চলে সে। অতীতে বহু পরনারীতে যৌনসম্পর্ক স্থাপিত হয়েছে তার। অবশ্য তুলনা-বিচারে এই ঘ্রাণ ভারি আলাদাই আসলে। তাতে নিশ্বাস বাইতে গেলে আঁধারে ফুটে ওঠা হাসনুহেনা ফুলের মাদকতা-ধরানো গন্ধের চাইতে তীব্র কামনাই জাগে নারীর জন্য।
তবে কার্যক্ষেত্রে সে ঠিক ঠিক কামিয়াব হতে পারে কই! বয়সের ভাঙনে আগের তাকত কি আর তেমন আয়ত্ত তার! ওদিকে ছোটবউ আঞ্জনি বেগমের চলছে ভরা যৌবন। নিশ্চয় সঙ্গমে অমন মেয়েকে তৃপ্ত করতে চাই বলিষ্ঠ পুরুষের বাহুবন্ধন। এসব ক্ষেত্রে নিজেকে পারগামী প্রমাণ করতে কখনো কখনো স্বামী গিলে থাকে যৌন- উত্তেজক বড়ি।