অভিজ্ঞতা সব সময়ই মূল্যবান। আর যদি সে অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয় একজন লেখকের গভীরতর অন্তর্দৃষ্টি,তবে তা হয়ে ওঠে হিরন্ময়। লেখক আবু রুশ্দ্ জীবনের একটা বিশেষ প্রান্তে এসে হঠাৎ পেছন ফিরে তাকিয়েছেন। তাঁর প্রাজ্ঞ চোখের মণিতে ঝলসে উঠেছে অনেক মুখ,অনেক কথা,অনেক ঘটনা-দুর্ঘটনা। নদীর ঢেউয়ের মতো যা আর কখনোই ফিরবে না। নদীর ঢেউ ফেরে না। অমিতবিক্রম কোনো রাজন্যের পক্ষেও সম্ভব নয় নদীর ঢেউয়ের গতি স্তব্ধ করা। তবে একজন লেখক পারেন জীবন নদীর ঢেউ তার কলমে কিছুটা হলেও বন্দী করে রাখতে। যেমন পেরেছেন আবু রুশ্দ্ এ বইয়ে।