আরববিশ্বের সুবিজ্ঞ রূপকার ও মরমী মনীষীগণের মতে আগে রাত এবং পরে দিনের সূচনা হয়। তাই তাঁরা আগে রাত ও পরে দিন গণনা করে থাকেন। যেমন- তাঁরা সূর্য অদৃশ্য হওয়ার পর হতে আরম্ভ করে সূর্য দৃশ্য হওয়ার পূর্ব পর্যন্ত সময়কে রাত এবং সূর্য দৃশ্যমান হওয়ার পর হতে আরম্ভ করে সূর্য অদৃশ্য হওয়ার পূর্ব পর্যন্ত সময়কে দিন গণনা করে থাকেন। রূপক সাহিত্যে রজস্বলা রমণীদের রজকালকে রাত ও পবিত্রতাকে দিন ধরা হয়। এ জন্য দেখা যায় আগে রাত ও পরে দিনের উদয় হয়। তাই রূপকারগণ আরবি দিন গণনার সূত্রের সাথে সঙ্গতি রেখে উপমা নির্মাণ করার জন্য রজস্বলা রমণীদের রজকালকে গণনার প্রথমপ্রহররূপে প্রতিষ্ঠিত করেন। অর্থাৎ আরববিশ্বের কুরানী রূপক সাহিত্য অনুযায়ী রজস্বলাদের রজকাল স্রাবণ্যকেই প্রথমপ্রহর ধরা হয়। তবে সাধনের জন্য পবিত্রতার প্রথমপ্রহরই যে প্রকৃত প্রথমপ্রহর এ ব্যাপারে সারাবিশ্বের আত্মতাত্ত্বিকগণ একমত।