ক্ষুদে মুক্তিযোদ্ধা
মুক্তিযুদ্ধের সময় শত্রু বাহিনীকে কাছে থেকে দেখার খুব শখ হয় বিলুর। শহরের রাস্তায় কাফু দিয়ে ওরা দৈত্য-দানোর মতো দাপিয়ে বেড়াচ্ছিল। সাঁজোয়া গাড়িতেও এ্যাটেনশন ভঙ্গিতে দাঁড়ানো। গায়ে জঙলি পোশাক, মাথায় হ্যালমেট, হাতে মেশিনগান। গুলি করার জন্য চারদিকে বাঙালি দুশমন খুঁজছে। যারা খুব কাছে থেকে দেখেছে ওদের, তাদের মধ্যে বিলুর বাবাও একজন। বাবার কাছে হানাদার বাহিনীর গল্প শুনেই তো বাড়ির সবাই ভয়ে অস্থির। তার ওপর বাড়িতে চুপচাপ লুকিয়ে থাকার সময় ওদের গাড়ি ও গুলির শব্দ বিলু নিজের কানেও শুনেছে একদিন। কিন্তু রাস্তায় ছুটে গিয়ে দেখার সাহস হয়নি।