এ বিশ্বে মানব সম্পদে আমরা অন্যতম ধনী রাষ্ট্র। এই সম্পদ মূল্যবান সম্পদে পরিণত করার দায়িত্ব প্রাথমিক পর্যায়ে পালন করেন বাবা-মা। নরম এই কাদামাটির ঢেলাটি কিছুটা আকার নিয়ে, সামান্য শক্ত অবস্থায় শিক্ষালয়ে প্রবেশ করে। প্রাথমিক ছাচটি যদি যথাযথের কাছাকাছি না পৌঁছায়, দক্ষ শিক্ষক তা ভেংগে রূপ দিলেও সেটি প্রাণবন্তরূপে আত্মপ্রকাশের সামর্থ্য রাখে না। প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে উত্তীর্ণ অনেক বিজয়ী বীর, উচ্চতম শিক্ষালয়ে এসে অবশেষে মাদক ও অস্ত্রের নিকট আত্মসমর্পণ করে। বাবা-মা তথা পরিবার প্রাথমিক ছাচটি গড়েন। এমনকি বাবা-মাই সারা জীবনের নানা বিষয়ের অনানুষ্ঠানিক শিক্ষক। তাই শিশু মনোবিজ্ঞান এবং শিক্ষা বিজ্ঞান শুধু শিক্ষক নয়, বাবা-মায়েরও জানা দরকার।