স্বদেশ এবং ভাষা
ভাষার গভীরে ভাষা, চেতনার গভীরে চেতনা
এ যদি কানে না পশে, বোধে যদি নাই এসে যায়,
তবে তো বাহান্ন সাল একাত্তর কখনো পেত না!
ভাষার গভীরে দেশ, দেশকণ্ঠ রয়েছে ভাষায়।
দেশ মানে শুধু তার নদী কিংবা পলিমাটি নয়!
দেশের গভীরে লোক, আলোকেরই সমনাম দেশ,
এতেই লৌকিক যাত্রা, ইতিহাস এবং সময়
দেখি তাই প্রবাসেও গেলে যায় সঙ্গেই স্বদেশ!
স্বদেশ এবং ভাষা মাতৃভাষা প্রতি শব্দে তার
জলভারে নত মেঘ, শীত গ্রীষ্ম, মাঠের ফসল,
নদীর তরঙ্গমালা, জন্ম মৃত্যু বিবাহ আচার,
রবীন্দ্রনাথের গান; এই সবে স্বদেশ চিত্রল।
এবং সে চিত্রমালা পৃথিবীর প্রদর্শশালায়।
তাই সূর্য যেখানেই, সেই সূর্য এই পতাকায় ॥