বাঙালি জাতীয়তাবাদ নামক বিভ্রমের দীর্ঘ ক্ষত বহন করছে এই ভূখণ্ড তথা বাংলাদেশ। এটি এমন এক জাতিবাদ যার শিকড়ে দাসত্বের দাসখত আর উপরে আত্মপরিচয়হীন প্রবঞ্চনার আস্ফালন। মেজরিটি তথা মুসলিম জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষা, বিশ্বাসের বাইরে গিয়ে হিন্দুত্বের উপনিবেশায়নে মুক্তি খোঁজার অপনোদনই প্রমাণ করেছে এর দীর্ঘ অপঘাত।
আমরা লক্ষ্য করলে দেখবো জুলাই পূর্ব সময়ে বিপুল বিক্রমে বাঙালি জাতীয়তাবাদ এই ভূখণ্ডের মুসলিম জনগোষ্ঠীর বিশ্বাস ও আকাঙ্খাকে কিভাবে অবদমিত করেছে। সে অর্থে জুলাই বিপ্লবকে বাঙালি জাতীয়বাদের চূড়ান্ত পতনের সাইরেন বলা যায়। বলা যায় মেজরিটির আশা আকাঙ্খার শক্তিশালী স্মারক।
ফাহমিদ-উর-রহমান জুলাই জাগরণের নেপথ্যের অন্যতম চিন্তক। এই জাগরণে তার অনুগামীদের নেতৃত্ব, অংশগ্রহণ ও সমন্বয় ছিলো অতি উজ্জ্বল। তিনি তার দীর্ঘ পর্যবেক্ষণ থেকে সহজাতভাবে নিরূপণ করতে সামর্থ্য হয়েছেন বাঙালি জাতীয়তাবাদের বিভ্রম, আগ্রাসন, অন্তঃসারশূন্যতা এবং এর কাল্ট চরিত্রগুলোর বয়ান ও তৎপরতা। যা সুচারুভাবে ফুটে উঠেছে তার রচিত বাঙালি জাতীয়তাবাদের ভবিষ্যৎ নামক আলোচ্য এই গ্রন্থটিতে।