বাঙালির দুর্ভোগ, দুর্গতি, দুর্নীতি-দারিদ্র্য তার হাহাকারকে তীব্র
করেছে। মূল্যবোধের অবক্ষয়, নীতি-নৈতিকতার অভাব এবং
দুর্মদ দুষ্কৃতির আগ্রাসন বাঙালিকে নিয়ে গেছে পতনপথের চূড়ান্ত
গন্তব্যে। বাঙালি আজ গর্ব-স্পর্ধাহীন এক ভগ্নপ্রায় মুমূর্ষু জাতিতে
পরিণত হয়েছে।
অথচ বাঙালির ইতিহাস অন্যরকম, গৌরবজাগানিয়া।
বিদ্যায়-প্রজ্ঞায়, সাহিত্যে-সংস্কৃতিতে, ইতিহাসে-ঐতিহ্যে, বৈভবে-
ঐশ্বর্যে বাঙালি ছিল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জাতি। বিজাতি-বিভাষীদের
অব্যাহত শাসন-শোষণ বাঙালির চিন্তন-চেষ্টনকে
ধ্বংস করে দিয়েছে। ধর্ম-বর্ণ বিভাজন, রক্ষণশীল নীতি এবং
আত্মঘাতী সিদ্ধান্ত বাঙালিকে আজকের নরক দশায় উপস্থিত করেছে।
আজ সময় এসেছে শ্রেষ্ঠত্ব প্রমাণের। শ্রেষ্ঠত্ব দাবির।
বাঙালির ইতিহাসের পুনর্পাঠ সে দাবিই করছে।