বাংলা সাহিত্যের ইতিহাস হাজার বছরের পুরাতন, কিন্তু সেই ইতিহাস-চেতনার বয়স মাত্র এক শতাব্দীর কিছু বেশি। তদুপরি সেই ইতিহাসবোধ ধীর, মন্থর ও পরমুখাপেক্ষী। আমাদের রাজনৈতিক ইতিহাসের হাতে খড়ি ইংরেজদের কাছে, সেই সূত্রেই প্রাপ্ত সাহিত্য-সংস্কৃতির ঐতিহ্য-চেতনা। সম্ভবত এই কারণেই আধুনিক সাহিত্যের মূল উৎস পাশ্চাত্যের অনুসরণ রূপে স্থিরীকৃত। ইতিহাসের এই গতানুগতিক সিদ্ধান্ত প্রশ্নাতীত নয়। তাই আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস পুনর্বিবেচনা সাপেক্ষ বলেই আমার স্থির বিশ্বাস। এই বিশ্বাসকে রূপ দেবার সূত্রেই আমি গবেষণায় প্রবৃত্ত। যেহেতু আধুনিক সাহিত্যের সাধনায় বাঙালি জাতির স্বকীয় ঐতিহ্যের সম্বন্ধ নির্ণয় এই পুনর্বিবেচনার পূর্বশর্ত, সেহেতু আধুনিক যুগের উৎসমুখ লক্ষ্য করেই অন্বেষার আলোক নির্দেশিত হওয়া বাঞ্ছনীয়। সামাজিক নক্শার প্রতিষ্ঠাকালকে আমি অভিসন্ধর্ভের বিষয়বস্তু হিসেবে নির্বাচন করেছি সেই পরিপ্রেক্ষিতেই।