বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার শতকরা ৯৭ ভাগের বেশি মানুষের মাতৃভাষা বাংলা। কি সংখ্যাতাত্ত্বিক গুরুত্বে, কি সাহিত্যিক উৎকর্ষে, কি প্রাচীন ঐতিহ্যে আর আন্তর্জাতিক মর্যাদায় বাংলা বিশ্বের প্রধান ভাষাগুলোর অন্যতম। সংখ্যাগত দিক দিয়ে বাংলা আজ পৃথিবীর মধ্যে চতুর্থ স্থান অধিকারী ভাষা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক ভাষা একমাত্র বাংলা; এ ভাষা ভারতীয় সংবিধানের অষ্টম তপসিলভুক্ত ভাষারূপে স্বীকৃত। বাংলাদেশে ও পশ্চিমবঙ্গে বাঙালিদের পাশাপাশি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী বসবাস করে। তাদের ভাষা, সাহিত্য, শিল্পকলা ইত্যাদি ঐতিহাসিক কাল থেকে আজ পর্যন্ত বাংলা আর বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধশালী করছে। অর্থাৎ গভীরভাবে পরীক্ষা করলে, বাঙালি ও ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা-সংস্কৃতির তুলনামূলক বিচার করলে ধরা পড়ে বাঙালির ভাষা ও সংস্কৃতির উদ্ভব-বিকাশে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর উপাদান যথেষ্ট।