বাংলা ভাষায় রম্যরচনা শব্দটি উচ্চারিত হলে আমাদের মনে চকিতে এই ধারণার সৃষ্টি হয় যে এগুলো এমন একধরনের রচনা যা হাস্যরস নির্ভর। কথাটা বিচার সাপেক্ষ হতে পারে তবু এ-কথাও স্বীকার না করে পারা যাবে না যে সাধারণভাবে বাঙালি মানসে কৌতুকরস বা হাস্যরসের মর্যাদার আসন নেই। ফলে অনেক শক্তিমান হাস্যরসের স্রষ্টাও কিছুটা দ্বিধান্বিতভাবে এই ধারায় সৃষ্টিশীল থেকেছেন। হাস্যরস সম্পর্কে বাঙালির এ ধরনের মনোভাবের উৎস কী তা অন্যত্র বিবেচ্য। হাস্যরসকে মর্যাদার আসন-দিতে-না-পারা সত্ত্বেও বিস্ময়করভাবে লক্ষণীয় যে বাংলা ভাষায় এমনকি বাংলাদেশের সাহিত্যেও হাস্যরসের ধারাটি উপেক্ষা করবার মতো ক্ষীণতোয়া নয়।