স্নিগ্ধ শ্যামল সুন্দর একটি দেশ, এই দেশের নাম বাংলাদেশ। এখানে দিগন্তজোড়া ফসলের মাঠ, যেন ঘন সবুজে আঁকা একটি ছবি। দখিনা বাতাস যখন ধানের ক্ষেতে দোলা দেয়, তখন মনে হয় যেন পুরো মাঠজুড়ে একটি সবুজ গালিচা পেতে রাখা হয়েছে। বারো মাসে ছয়টি ঋতু এখানে ঘুরে ঘুরে আসে। এই ছয়ঋতুর মধ্যে যে ঋতুটি প্রথমে আসে তার নাম 'গ্রীষ্মকাল'। বৈশাখ, জ্যৈষ্ঠ এ দুমাস গ্রীষ্মকাল।
এই ঋতুকে ঘিরেই আমাদের বাংলা নববর্ষের সূচনা। এ সময় প্রচণ্ড গরম পড়ে। গ্রীষ্মের এই প্রচণ্ড খরতাপের মধ্য দিয়েই বাংলা নববর্ষের আগমন ঘটে। বাংলাদেশ প্রধানত গ্রীষ্মপ্রধান দেশ। তাই শীত ছাড়া সব ঋতুতেই আমরা কমবেশি গরম অনুভব করি। গ্রীষ্মকাল আমাদের প্রাকৃতিক জীবনে বিশেষ ভূমিকা রাখে।