মহররম এক. মহররমের আমল সম্পর্কে শুধু দু'টি হাদিসে দু'টি হুকুম বর্ণিত হয়েছে। ১. আশুরার রোজা। ২. হযরত রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঐ দিন নিজ গৃহবাসীদের জন্য পর্যাপ্ত খাবার-দাবারের ব্যবস্থা করবে, বছরব্যাপী তার রুজি-রোজগারে বরকত থাকবে। আর এই খানা খাওয়ার পাশাপাশি এখান থেকে মুহতাজ- অনাহারী ও দরিদ্র মানুষদেরকে কিছু অংশ দান করা হলে তাতে দোষের কিছু নেই। কিন্তু আজকাল মানুষ যেসব প্রথা-অনুষ্ঠানের প্রচলন করে নিয়েছে, তা সবই বাড়াবাড়ি, অর্থহীন এবং গুনাহ। দুই. এক শ্রেণীর মানুষ আছে, তারা এ দিনে 'তাজিয়া' বানায়। এই শ্রেণীর মানুষেরা এ দিনে 'তাজিয়া' বানানোকে এতই জরুরী ও আবশ্যক মনে করে যে, ঘরে যদি খাদ্যের সংকটও থাকে, এমনকি যদি ঘরে একেবারেই খাদ্য নাও থাকে, তবু করয করে এনে হলেও তারা 'তাজিয়া'' বানায়। অথচ 'তাজিয়া' বানানো মারাত্মক গুনাহ।