বাড়ির ছোটরা দাদাভাইকে একান্তভাবে পেতাম, যখন তিনি আমাদের সঙ্গে করে বেড়াতে নিয়ে যেতেন। তাঁর যখন বছর চল্লিশেক বয়স, তখন তিনি খুবই অসুস্থ হয়ে পড়েন। তারপর থেকে তিনি শরীরের দিক থেকে ডাক্তারের পরামর্শমতো কড়া নিয়ম মেনে চলতেন।
নিয়মের মধ্যে প্রধান দুটি ছিল সকালে হেঁটে বেড়ানো এবং খাওয়া-দাওয়ার ব্যাপারে সংযম। দাদাভাই জীবনের তিরিশ বছর নুন না খেয়ে চালিয়ে গেছেন। কী দিয়ে রান্না হবে, কী কী খাওয়া চলবে বা চলবে না, মাজননী পাশে বসে তদারক করতেন, এবং প্রায়ই "লোভ”-এর কুফলের কথা দাদাভাইকে মনে করিয়ে দিতেন। মাঝে-মাঝে বলতেন, "তোমার তো খালি লোভ!" কথাটা শুনে আমাদের কেমন-কেমন লাগত। কারণ দাদাভাইয়ের লোভ কিছু ছিল বলে তো কখনও মনে হয়নি।
আমার মা রান্নাবান্নায় বেশি আগ্রহী ছিলেন না। কিন্তু দাদাভাইয়ের জন্য মাজননীর নির্দেশমতো ইক্সিক কুকারে রান্না চাপাতেন। উডবার্ন পার্কের বাড়ির দোতলার দক্ষিণের বারান্দায় দাদাভাই মাটিতে আসন পেতে খেতে বসেছেন, এই দৃশ্য বেশ মনে পড়ে। পাশেই টেবিল-চেয়ার, কিন্তু তিনি মাটিতে বসেই খেতেন। নিয়মমাফিক তাঁকে কইমাছ ঘিয়ে ভেজে খেতে হত।