এক কাপ চা, কিছু এলোমেলো প্রশ্ন আর এক ঝলক জীবনবোধ। চায়ের কাপে উঠে আসা সমাজ, মানুষ, ভবিষ্যৎ, রাজনীতি, মৃত্যু, স্মৃতি আর জীবন নিয়ে টুকরো টুকরো আলাপ। একজন মাঝবয়েসি মানুষ আর একজন তরুণের মাঝে এলোমেলো অথচ গভীর কিছু কথোপকথন- কখনো হালকা, আবার কখনো কঠিন বাস্তবতা। এইসব ‘বাতচিত’ আমাদের চেনা জগৎটাকেই নতুন করে দেখতে শেখায়। প্রশ্ন তোলে, উত্তর দিতে চায় না। মনকে কখনো নাড়িয়ে দেয়, কখনো হেসে ওঠায়, কখনো নিঃশব্দে ভাবিয়ে তোলে। রাগ, প্রেম, হতাশা, অহংকার- সবকিছু নিয়েই কথা বলা হয় এখানে। বাতচিত হলো সেই নিরালা জায়গা, যেখানে আপনি নিজেকেই খুঁজে পাবেন অন্য কারো মুখে বলা কথায়।
প্রতিটি গল্প একেকটি মুখোমুখি কথা বলা- কখনো তর্ক, কখনো ব্যঙ্গ, কখনো চুপচাপ তিরস্কার। পাঠক হিসেবে আপনি হয়তো হেসে উঠবেন, হয়তো থমকে যাবেন। কিন্তু অবহেলা করতে পারবেন না। কারণ এই গল্পগুলো ঠিক আপনার চারপাশেরই ঘটনাপ্রবাহ। কোনো শিক্ষামূলক বক্তব্য নেই কিন্তু পাঠ শেষে আপনি চিন্তায় মগ্ন হয়ে বসে থাকতে পারেন। এই বই শুধু পড়ার নয়। এটা ভাবার আর নিজের দিকে তাকানোর। বাতচিত গল্প বলার ভান করে কিন্তু আসলে শোনায় আমাদের নিজেদের অতীত, বর্তমান আর ভবিষ্যতের চেহারা।