মোহাম্মদ আবুল হোসেন এক কীর্তিমান ও সংগ্রামী ব্যক্তিত্ব। ছাত্রজীবন থেকেই তিনি দেশ-মাতৃকার স্বাধিকারের প্রশ্নে ছিলেন সচেতন, আদর্শবান রাজনীতিবিদদের সান্নিধ্যে গড়ে ওঠা এক আপসহীন ও অকুতোভয় মানুষ। মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণের গৌরব তাঁর জীবনের এক উজ্জ্বল অধ্যায়।
দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, দেখা সময় ও সমাজবাস্তবতা তিনি আত্মজীবনীমূলক গ্রন্থ ‘বেলা শেষের গল্প’-এ তুলে ধরার প্রয়াস পেয়েছেন। গ্রন্থটিতে তৎকালীন দেশের পর্যটন এলাকা, ঐতিহাসিক নিদর্শন, সাধারণ মানুষের জীবনধারা, সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার নানা চিত্র উঠে এসেছে।
বইটির বিভিন্ন স্থানে প্রসঙ্গক্রমে জীবিত ও প্রয়াত বহু ব্যক্তির উল্লেখ এবং কিছু মন্তব্য রয়েছে—যার দায়ভার সম্পূর্ণভাবে লেখকের নিজস্ব।
গ্রন্থটির নির্মাণপর্বে মূল্যবান পরামর্শ ও সহযোগিতার জন্য লেখকবন্ধু কবি ও শিক্ষক শামসুল আলমের প্রতি প্রকাশকের আন্তরিক কৃতজ্ঞতা। এ ছাড়া যাঁদের নিরলস পরিশ্রমে বইটির প্রকাশ সম্ভব হয়েছে, তাঁদের প্রতিও রইল গভীর কৃতজ্ঞতা।
প্রিয় পাঠক, বইটির মানোন্নয়ন ও যথাসম্ভব নির্ভুল প্রকাশের জন্য আমরা আন্তরিক চেষ্টা করেছি। তবু অনিচ্ছাকৃত কোনো ভুল-ত্রুটি থেকে গেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।