যান্ত্রিকতা আর প্রযুক্তির অভাবনীয় গতি সেই চিরাচরিত পঙক্তি মনে করিয়ে দেয় আমাদের- বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। তবে নারী হৃদয়ের উষ্ণতাহীন প্রেম এই মেকি শহরেরই এক প্রতীতী যেন। আজ সবাই ছুটে চলে সাফল্যের দিকে, তিলমাত্র অবসর নেই কারো। তাই ভালোবাসা আর যান্ত্রিক শহুরে সভ্যতা যেন একই বৃন্তবাসী দুটো ফুল।
প্রেমিক পুরুষ তাই দ্রোহী হয়ে ওঠে, চেতনায় জাগে তুমুল সন্ত্রাস। প্রেমপ্রান্তরে ধু-ধু করে ভালোবাসার খরায়। ল্যাম্পপোস্টের আলোয় এলোমেলো হেঁটে চলা প্রেমিকের চোখে ধরা দেওয়া চাঁদকে চাঁদ মনে হয় না। চাঁদ যেন পরমায়ু হারিয়ে ধুঁকে চলেছে শ্বেত বামনের মতো পরিণতির দিকে। নৈরাজ্যের রাষ্ট্রযন্ত্র, বাকস্বাধীনতাহীনতা কিংবা উচ্চাভিলাষী প্রেয়সীর বারবণিতা হয়ে ওঠা পরিণত হয় প্রেমিকের দ্রোহে, বিষবাষ্পে। হ্যাঁ, সেই প্রেমিক। মাঝরাতে নদীর মতো এঁকেবেঁকে চলা রাস্তায় বিপ্লবের স্বপ্ন নিয়ে হেঁটে বেড়ায় যে।