এক ধরনের অস্থিরতা, সংকট, মনভাঙা সময়ের মধ্যে দিয়ে বইচারিতার চতুর্থ সংখ্যাটি বাজারে এল। আমরা বলতে চাই, আপনাদের হাতে পৌঁছাতে পারাটাই আমাদের পরম আনন্দ। বইচারিতা নিয়মিত প্রকাশ হোক— এটা খুব চাই। দেশ-বিদেশে অনেক পাঠক, লেখক ও বইপ্রেমীদের আগ্রহ, উৎসাহ, আন্তরিকতা ও সহযোগিতায় পত্রিকাটি নিয়মিত প্রকাশ করার জন্য নিরলসভাবে কাজ করে চলছি।
বরাবরের মতো এবারেও আমরা চেষ্টা করেছি আরও ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরতে। বইচারিতার এই সংখ্যায় থাকছে বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী হ্ুমায়ূন আহমেদকে নিয়ে প্রচ্ছদ রচনা ও স্মৃতিচারণামূলক লেখা। রয়েছে লেখক শাকুর মজিদের নানা দিক নিয়ে আলাপচারিতা। এ ছাড়া সাক্ষাৎ-কথায় বাংলা সাহিত্যের আরেক জনপ্রিয় কবি সুবোধ সরকারের মুখোমুখি, প্রকাশকচারিতায় রয়েছে লেখক ও পলল প্রকাশনীর প্রকাশক খান মাহবুবের সঙ্গে বই, প্রকাশনাশিল্প ও প্রকাশনা অধ্যয়ন নিয়ে নানা ভাবনা-পরিকল্পনা। সেই সঙ্গে নিয়মিত বিভিন্ন তো থাকছেই।
পত্রিকাটি প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট লেখক, বিজ্ঞাপনদাতা, বইচারিতা টিম ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সবিনয় কৃতজ্ঞতা। বইয়ের জয় হোক। বইপড়ার অভ্যাস হোক আমাদের গৌরব করার মতো সৌন্দর্য। মানুষ বইকে বাঁচিয়ে রাখুক।
আপনাদের কল্যাণ হোক।
আবু সাঈদ
সম্পাদক ও প্রকাশক, বইচারিতা