‘বিছুটিপাতার অটোগ্রাফ’। মাসুদ খানের কবিতার বই। মাসুদ খানের কবিতার নতুন বাঁক, নতুন অনুভব আর নতুন প্রকরণ ধরা আছে এই বইয়ে, এই ‘বিছুটিপাতার অটোগ্রাফ’-এ।মাসুদ খানের প্রথম কাব্যগ্রন্থ ‘পাখিতীর্থদিনে’ (১৯৯৩)। সেই বইয়ের কবিতায় তিনি বলেছিলেন, ‘আজ এক রুগ্ণ অগ্নিকুণ্ডের কিনারে বসে আছি জবুথবু, চারদিকে চলমান সার্কারামা, ছবিগুলি খুব দ্রুত নাচতে নাচতে আসে আর যায়।’ আর এখন, তিনি এই কবিতার বইয়ে এসে তিনি বলছেন: `আর কি কখনো যাওয়া হবে সেই নামডাকহীন চুপচাপ নদীর ওপার যেখানে প্রচুর রোদ, যেখানে কোকিলডাকা কিছু পলাশের গাছ, আর একঝোপ ঝাঁটিফুল, নিতান্ত অজ্ঞাতকুলশীল, যেখানে কয়েক দণ্ড দাঁড়িয়ে ভেবেছিলাম এইসব একদিন, অবলীল!' বিশ শতকের আশির দশক। কবি মাসুদ খানের আবির্ভাবকাল। তখন থেকেই নতুন সুর বাঁধতে চেয়েছেন কবিতায়। বাংলা কবিতার গীতিধর্মিতার সঙ্গে বিজ্ঞানের বিচিত্র বিষয়-আশয় মিলিয়ে দিয়েছেন তিনি। কবিতায় রঙ্গ করার সময় বেছে নিয়েছেন তৎসম শব্দ। মাত্র কয়েকটি কবিতার বই নিয়ে এই ২০২৬ এ উজ্জ্বল ও কোমল দাঁড়িয়ে আছেন মাসুদ খান বাংলাসাহিত্যের জনারণ্যে। মাসুদ খান পেয়েছেন ‘সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার’। তাঁর কবিতার বই ‘প্রসন্ন দ্বীপদেশ’ পেয়েছে প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার। ‘বিছুটিপাতার অটোগ্রাফ’ মাসুদ খানের এখন পর্যন্ত সর্বশেষ কবিতা সংকলন।