রিপ্লের কার্টুন অবলম্বন করে গল্প লেখার কাজ শুরু করেছিলাম আশির দশকের গোড়ার দিকে। সেই সময়ের জনপ্রিয় 'কিশোর বাংলা' পত্রিকায় গল্পগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। প্রায় বছরখানেক ধরে প্রকাশিত হয়েছিল এবং কিশোর পাঠকদের মধ্যে প্রচুর সাড়া জাগাতেও সক্ষম হয়েছিল।
কিশোর বাংলায় প্রকাশিত গল্পগুলো নিয়েই পরীক্ষামূলকভাবে 'বিলিভ ইট অর নট' নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়। বইটি প্রকাশের পর পরই দেখা গেল রিপ্লের কার্টুন গল্পের পাঠকপ্রিয়তা এখনো অক্ষুণ্ণ আছে।
এই উৎসাহেই আরো ব্যাপক আকারে গল্প সংগ্রহ করে সাজানো হলো বর্তমান গ্রন্থ। এটি অনুবাদ নয়, কার্টুন গ্রন্থের ক্যাপশনকে অবলম্বন করে গল্পের আকারে বাংলায় রূপান্তর করা হয়েছে। তবে ছোট ক্যাপশনকে বিস্তারিত গল্পে রূপান্তর করতে গিয়ে কখনো মূল বিষয়ের বিচ্যুতি ঘটানো হয়নি। বিশ্বের ইতিহাস, শিল্প, সাহিত্য ও সমাজজীবনের বিচিত্র ও অবিশ্বাস্য সব ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে এসব গল্পে। আমার এ প্রচেষ্টা যদি সমাদত হয় বিশেষ করে যে কৌতূহলী খুদে পাঠকদের জন্য এ আয়োজন, তাদের যদি ভালো লাগে, তবে নিজের শ্রমকে সার্থক বলে মনে করব।