বিন্টুমামা সেই তখন থেকে আমার পড়ার ঘরে থমথমে মুখ করে মাথার পেছনে হাত দুটো রেখে জানালা দিয়ে আকাশ দেখছে। ইত্যবসরে বিল্টুমামাকে ওর ভাবনা-জগতে অবাধে বিচরণ করার সুযোগ দিয়ে — আমি আমার ফেভারিট লেখক বজ্রশক্তির লেটেস্ট হটকেক 'খুনের গ্রাস' গিলে যাচ্ছি গোগ্রাসে। তিন-তিনটে খুন হয়ে গ্যাছে ততক্ষণে এবং ইন্সপেক্টর ঝাণ্ডু খান তদন্ত করতে যেয়ে হিমশিম খেয়ে শেষটায় অবধারিত নিয়মে প্রখ্যাত প্রাইভেট ডিটেকটিভ বিক্রম চৌধুরীর শরণাপন্ন হয়েছেন।
ডিটেকটিভ বিক্রম চৌধুরী ওর লাইব্রেরিতে ইজিচেয়ারে জুতমতো হেলান দিয়ে ক্রিমিনোলজির ওপর একটা বইয়ের পাতা উল্টে যাচ্ছিল। তক্ষুনি ইন্সপেক্টর ঝাণ্ডু খান জুতোয় মচমচে শব্দ তুলে ঘরে ঢুকেই বললেন- ধুত্তোরি! — বিল্টুমামা আকাশ থেকে চোখ ফিরিয়ে মৌনতা ভেঙে আমার দিকে তাকিয়ে বিরক্তির বহিঃপ্রকাশ ঘটাল।