এক সময় এজিয়ান সাগরের একটি ছোট্ট দ্বীপের নৌবন্দরে কলোসাস নামের ব্রোঞ্জের তৈরি একটি মূর্তি ছিল। ওই দ্বীপটির নাম রোডস। মূর্তিটি একজন সাধারণ মানুষের চেয়ে বিশগুণ লম্বা ছিল। এমনকি এর একটি বৃদ্ধাঙ্গুলকেও একজন মানুষ তার বাহুবেষ্টনে পুরোপুরি জড়িয়ে ধরতে পারতো না। এর মাথার ওপর দাঁড়ালে চারপাশে বহুদূর পর্যন্ত দেখা যেতো।
অনেক অনেক বছর আগে, রোডসের জনগণ অন্য দেশ থেকে আসা হাজার হাজার মানুষের বিরুদ্ধে এক যুদ্ধ করেছিল। নিজ দেশকে বাঁচাতে নারী-পুরুষ সকলেই প্রাণপন যুদ্ধ করেছিল, যদিও জেতার সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ। শেষ পর্যন্ত দ্বীপবাসীর সাহসিকতা টলেমি নামক এক বন্ধুর দ্বারা পুরস্কৃত হয়। মিশরের সম্রাট টলেমি তার শক্তিশালী নৌ-বহর নিয়ে দ্বীপবাসীকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন এবং রোডস ও তার মানুষকে বাঁচিয়েছিলেন।