বিশ্বনাট্যের গতিপ্রকৃতি
ধারণা করা হয় পৃথিবীতে মানুষ এখন প্রায় ৭ হাজার ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে। এক হিসাবে বলা হয়েছে প্রতি ১৪ দিনে একটি ভাষা পৃথিবী থেকে হারিয়ে যায়। অন্য এক গবেষণায় আমরা দেখতে পাই আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবীর অর্ধেক ভাষা বিলুপ্ত হয়ে যাবে।
প্রশ্ন উঠতে পারে ভাষার সংখ্যা কমলে ক্ষতি কী? ভাষা যত কম হবে মানুষে মানুষে যোগাযোগ তত সহজ হবে। কিন্তু আমাদের ভুললে চলবে না যে ভাষার সঙ্গে জড়িয়ে আছে সংস্কৃতি, পোশাক-পরিচ্ছদ, ধর্ম, সাহিত্য ইত্যকার নানা বিষয়। ভাষার সঙ্গে যখন সংস্কৃতি ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় হারিয়ে যাবে, তখন তা হবে সামগ্রিকভাবে এ বিশ্বের বৈচিত্র্যপূর্ণ ঐতিহ্যের ক্ষতি। বিশ্বায়নের এ যুগে আমরা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বায়নের আগ্রাসন থেকে রক্ষা করতে চাই। সকল জাতির মাতৃভাষার সংরক্ষণ ও বিকাশের লক্ষ্য নিয়ে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে।