জাদুকর পরেশ চন্দ্র সরকারের খুব নামডাক তখন। হঠাৎই পত্রিকায় খবর এলো ঢাকায় তিনি জাদু প্রদর্শন করবেন। অনেক গণ্যমান্য ব্যক্তিকে দাওয়াত দেয়া হলো। দেদারসে টিকিটও বিক্রি হয়ে গেল। শহরের দেয়ালে-দেয়ালে পোস্টারও সাঁটানো শেষ। তনু ভাই জিজ্ঞেস করল, 'পুতুল, জাদু দেখতে যাবি?' আমি বললাম, 'কিসের জাদু?'
ও বলল, 'সম্মোহনের। দুটো টিকেট আছে। যাবি?''
তখন আমার ছন্নছাড়া অবস্থা। বাবা বেঁচে নেই। বোন হারিয়ে গেছে। টেনেটুনে সংসার চলছে। স্বাধীনতার বিজয় আনন্দ কাউকেই ছুঁয়ে যাচ্ছে না। বাড়ি ভরা শোক। কোথাও যাবার মতো আর্থিক সংগতিই নেই, তো আবার জাদু দেখা! কোনোরকমে টেনেটুনে পড়াশুনাটা চালিয়ে যাচ্ছি।