রূপকথা শিশুদের অন্য রকম একটি ভুবন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে, জাগতিক কৃত্রিমতাকে ছাড়িয়ে স্বপ্নের ডানায় ভর করে, শিশুরা অবাধ স্বাধীনতায় ঘুরে বেড়ায় আকাশ থেকে পাতাল-সর্বত্র। আমি তাদেরই একজন সঙ্গী মাত্র। শিশুদের জন্যে লিখছি, শৈশব থেকে শুরু করে আজ পর্যন্ত। ছোটদের গভীরভাবে ভালো না বাসলে, নিজের ধ্যান জ্ঞান পর্যবেক্ষণকে শিশু মনের সাথে একাকার করে দিতে না পারলে, কোনো সৃজনশীল লেখা তৈরি করা যায় না। আমি শুধু চেষ্টা করি। আমার জানা মতে খুব কম সংখ্যক লেখক আছেন যাঁরা শিশুদের জন্যে ভাবেন। ওদের জন্যে নিবেদিত প্রাণে কাজ করেন। আমার অনুরোধ হবে-আপনারা আরো অধিকসংখ্যক সৃজনশীল মানুষ এগিয়ে আসুন, বিভিন্ন মাধ্যমে আমাদের রূপকথাময় শিশুদের পাশে। আমি চেষ্টা করেছি গল্পগুলোতে শিশুদের জন্যে একটা মেসেজ দিতে। কারণ ওরাই তো আমাদের আলোকিত ভবিষ্যত। অনেক ভালোবাসা সবার জন্যে।