নির্জনতায় মিউ মিউ করে সারা ঘরময় নির্বিঘ্নে ঘুরে বেড়ায় শাদা বিড়ালটি। বেশ বড় হয়েছে বিড়ালটি। আলেয়া তার বান্ধবীর বাড়ি থেকে ছোট এই বিড়ালটিকে যেদিন নিয়ে এসেছিল, তার মা সামসুন্নাহার ক্যাটক্যাট করেছেন। ঘরের মধ্যে একটা বিড়াল থাকবে তিনি কিছুতেই তা মেনে নিতে পারছিলেন না। দেখলেই দূর-দূর করে উঠতেন। সেই থেকে বিড়ালছানাটি সামসুন্নাহারের ঘরে যাবার সময় খুব সাবধানে যেত। এখন বড় হয়েছে, সেই ভয়টি এখনো দূর হয়নি। সামসুন্নাহার বেগমও ধীরে বীরে এই নিরীহ প্রাণীটিকে মেনে নিয়েছেন কিন্তু খাবার সময় টেবিলের নিচে কখনো এলে বাড়িসুদ্ধ সবাইকে বকাবকি করেন।