স্বাধীনতা উত্তর বাংলাদেশে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার মধ্যে ২০২৪-এর গণআন্দোলন অন্যতম। এই আন্দোলনকে দেখার সাক্ষী হয়েছি খুব কাছ থেকে। আমি এটাকে বিপ্লব বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। দেশের বিভিন্ন স্তর ও কাঠামোতে বিদ্যমান বৈষম্য ও স্থবিরতা দূর করার চিন্তা থেকে উদ্ভূত এই আন্দোলন এক পর্যায়ে গণআন্দোলনে রূপ নেয়। এসময় দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় অনিয়মতান্ত্রিকভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা শাসকগোষ্ঠী। ছাত্র-জনতার ত্যাগের মধ্য দিয়ে আমরা পাই নতুন বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় দেশবাসী অনন্য চেতনায় উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে শুরু করে। ২০২৪-এর গণআন্দোলনে প্রাণ হারানো ও পঙ্গুত্বকে বরণ করা মানুষের সংখ্যা নেহাত কম নয়। কিছু ত্যাগ অবিস্মরণীয় ও সর্বজনবিদিত। কিছু ত্যাগ সময়ের পরিক্রমায় অস্পষ্ট। কিছু ত্যাগ একেবারে অজানা। ‘চব্বিশ উপাখ্যান’ বইটি সেই জানা-অজানা ২৪ টি গল্প ও ত্যাগের এক অনন্য সাক্ষী।