"স্বপ্ন দেখেন দুঃস্বপ্নের দুর্গে বসে। বেদনার মহাসাগরে আনন্দে অবগাহন করেন। তাই পাতাঝরা রোদ্দুর সকালে সোনাঝরা ফসল ফলাতে ভূমিকে কর্ষণ করেন। ক্ষয়ে যাওয়া বিকেলের নিস্ফলা মাঠে স্বপ্নগুলো ম্লান-মলিন-ম্রিয়মান। ধূসর পান্ডুলিপি ঝরা পালকের মতো ঝরে যায় কালের যাত্রায়। নগ্ননির্জন হাতে কবি লেখেন দিন শেষের দিনলিপি।
সেখানে ফোটে ওঠে মাটি-মদ-মাংস, শিল্প ও সুন্দরের প্রতি কবির প্রচ্ছন্ন পক্ষপাত। শব্দের নিখুঁত গাঁথুনি, ভাষার নিপুণ বুননে অক্ষরগুলো শপথের স্বাক্ষর ঘোষণা করে। ভাবের আবেগ পরিমিত ও পরিমার্জিতরূপে কবির কথাগুলোকে নরম ও কোমল করে তুলেছে। আর তখন দীর্ঘশ্বাস দীর্ঘ না হয়ে কাঠফাটা রোদে বৃষ্টি হয়ে ঝরেছে। ঝরাপাতার পদ্য-অনবদ্য হয়ে সময়ের সাক্ষ্য হয়ে আগামীর পথে হেঁটেছে। কবিতার জন্য আশা কবির জন্য ভালোবাসা।"