বড়ভাই টেলিগ্রাম করেছেন; বাড়ি আসতে হবে। পিতা মৃত্যুশয্যায়। আব্বাসকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন। বার বার খোঁজ নিচ্ছেন, আব্বাস এলো কিনা।
বি.এ পরীক্ষা শেষ হয়েছে। হাতে অফুরন্ত সময়। বন্ধু আবুল হোসেনের প্রস্তাবে তার সাথেই আব্বাস বেড়াতে গিয়েছেন রংপুরের এক গন্ডগ্রাম- বড়খাতায়। সেখানে পাখি শিকার করে, ফুটবল খেলে, গ্রামের ছেলেদের সাথে গান গেয়ে কেটে গেছে প্রায় পনেরো দিন। এমনি সময়ে বড় ভাইয়ের টেলিগ্রাম। আব্বাস অপেক্ষা করলেন না এক মুহূর্ত। বন্ধুর বাড়ির লোকজনের নিকট হতে কোনরকম বিদায় নিয়ে উদভ্রান্তের মতো বের হয়ে পড়লেন। তার নিজ বাড়ি কুচবিহারের বলরামপুর পৌঁছতে গভীর রাত হয়ে গেলো।