ওয়াজেদ সাহেব মহামুশকিলে পড়ে বসে আছেন।
ছেলেটাকে নিয়ে আর পারা যাচ্ছে না। কিছুতেই গণিতরোগটা ওর মাথা থেকে ঝেড়ে ফেলা যাচ্ছে না। বিশেষ করে গুণ-ভাগের বেলায়। গুণ-ভাগ বিষয়টা এলেই মাথাটা ওর নিমিষে গুলিয়ে যায়, ঠিকঠাক কাজ করতে ভুলে যায়। কীভাবে যে গাধাটা ৪২-কে ৬ দ্বারা ভাগ করে ভাগফল ৬ লিখে দিয়ে আসে; একমাত্র সৃষ্টিকর্তা জানেন। কীভাবে যে এ মুশকিল থেকে বেরিয়ে আসা যায়, ওয়াজেদ সাহেব হিসেব করে পথ খুঁজে পান না।
ইতোমধ্যে সুরেশপুর হাইস্কুলে নতুন বছরের ক্লাস রীতিমতো শুরু হতে যাচ্ছে। বছরের শুরুতেই রীতিমতো ক্লাস শুরু হওয়াটা এই স্কুলের পুরোনো বৈশিষ্ট্যের একটি। স্কুলটি প্রতিষ্ঠিত হবার পর থেকেই এই ধারা চলে আসছে। অন্য-অনেক স্কুল আছে যেখানে বছরের শুরুতে থাকে পড়াশোনায় ঢিলে-ঢালা ভাব। সুরেশপুর হাইস্কুলে তেমনটা হয় না।