আজ থেকে দেড়শো বছরেরও বেশি আগে চকবাজারের কেতাবপট্টি ও ছাপাখানা ঘিরে গড়ে উঠেছিল মুসলমানি পুথিসাহিত্যের ধারা। কলকাতার বটতলার মতো এই কেতাবপট্টিও বাংলা বইয়ের জগতে একটি বিশেষ ঐতিহ্যের ধারকরূপে চিহ্নিত হয়ে থাকবে। ‘ঢাকা মুসলিম সুহৃদ সম্মিলনী’ ছিল একটি সমিতি এবং সেই সামাজিক সংগঠনকে কেন্দ্র করেই সেকালের মুসলমান তরুণ সম্প্রদায় সংঘবদ্ধ হয়েছিল সমাজসেবা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও শিক্ষাবিস্তারে। একদিক থেকে দেখতে গেলে ‘চকবাজারের কেতাবপট্টি’ উনিশ শতকে ঢাকার মুসলিম সাহিত্য সাধনার ইতিবৃত্ত এবং এ বিষয়ে এটিই প্রথম বই।