সবচেয়ে প্রাচীন লোককবি চট্টগ্রামের চাটিল্লপাদানং। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, প্রাচীন যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত এই অঞ্চলের অজস্র লোককবির নাম-পরিচয় বিলুপ্ত হয়ে গেছে। মধ্যযুগের কোনো কোনো কবিরও লোককবিরূপ ছিল। মধ্যযুগের শেষদিকে অর্থাৎ আঠারো শতকের মধ্যভাগের পরে চট্টগ্রামের আনোয়ারায় এমন একজন কবি জন্মেছিলেন, যিনি শক্তিশালী লোককবি হিসেবেও চিহ্নিত হওয়ার দাবি রাখেন; কারণ তিনি সাড়ে সাতশত লোকসংগীত রচনা করেছিলেন। তাঁর নাম আলী রজা ওরফে কানুফকির। চট্টগ্রামের গ্রামে-গঞ্জে এখনও তাঁর অনেক গান লোকজনের মুখে মুখে। এই গ্রন্থে এই আলী রজা ওরফে কানুফকির এবং তাঁর পরবর্তীকালের লোককবি আস্কর আলী পণ্ডিত, শাহ আবদুল জলিল সিকদার, রমেশ শীল, মাওলানা বজলুল করিম মন্দাকিনী, মনিন্দ্র দাস, মৌলভী আবুল খায়ের নকশবন্দি, এয়াকুব আলী, এম এন আখতার, আবদুল গফুর হালী, ঈছা আহমেদ নকশবন্দি, সৈয়দ মহিউদ্দিন ওরফে মহি-আল-ভান্ডারী ও নুরুল আলম সম্পর্কে আলোচনা এবং তাঁদের অনেক গান লিপিবদ্ধ করা হয়েছে। এই গ্রন্থ বাংলাদেশের লোকগবেষণার জগতে গ্রহণযোগ্য হবে, এমন প্রত্যাশা করা যায়।